ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় টিএসসি এলাকা থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে হাতেনাতে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের বিজয় একাত্তর হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে উদ্যানের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর পরপরই মেট্রো স্টেশনসংলগ্ন টিএসসির গেটে আরেকটি বিস্ফোরণ ঘটে এবং এ সময় তিনজনকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। তাদের সঙ্গে আরও কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া করে দুজনকে আটক করেন।
এই ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে এবং আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।