১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ (COP31) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের উপকূলীয় শহর আন্টালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবরা এই সফরসূচির বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এছাড়া সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-প্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি নির্ধারিত রয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাবলিক ডিপ্লোমেসি ও অগ্রাধিকার বিষয়াবলি) এ কে এম শহীদুল করিমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, কপ-৩১ সম্মেলনে উন্নত দেশগুলোর কাছে ঋণের পরিবর্তে অনুদান হিসেবে জলবায়ু অর্থায়ন প্রদানের জোরালো দাবি জানাবে বাংলাদেশ। একই সঙ্গে বৈশ্বিক কার্বন নির্গমনের ঐতিহাসিক দায় স্বীকার করে উন্নত দেশগুলোকে এর ক্ষতিপূরণের দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, “বৈশ্বিক কার্বন নির্গমনে বাংলাদেশের ভূমিকা প্রায় শূন্যের কোঠায় হলেও, এই সংকটের চূড়ান্ত শিকার হচ্ছি আমরাই।” তাই জলবায়ু আলোচনায় প্রধান নির্গমনকারী দেশগুলোকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম এই আসরে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্য এবং দক্ষিণ এশিয়াসহ সমগ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অভিজ্ঞতা তুলে ধরা হবে। ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় ঋণের ফাঁদ ছাড়া সরাসরি অনুদানভিত্তিক তহবিলের প্রয়োজনীয়তার ওপর জোর দেবে ঢাকা।

পাশাপাশি, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন ইতিবাচক উদ্যোগও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে দেশব্যাপী মেগা খাল খনন কর্মসূচি, বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ অভিযান এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির নানা উদ্যোগ।

উল্লেখ্য, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর প্রস্তুতি এবং উচ্চপর্যায়ের পর্বে প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ নিশ্চিত করতে গত মাসেই একটি উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সমন্বয় সভা সম্পন্ন করেছিল সরকার।