গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে জেলার জয়দেবপুর থানার হোতাপাড়ার (মনিপুর) এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে পার্কিং করা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ের রাস্তার পাশে একটি বাস দাঁড় করানো ছিল।
বাসটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার জন্য ব্যবহৃত হয়। ভোর ৫ টার দিকে ওই বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।