রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলার ক্ষেত্রে ধর্ষণ মামলা বাদে হত্যাসহ অন্যান্য সব ধরনের মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করার মাধ্যমেই কেবল এসব মামলা প্রত্যাহারের সুযোগ রয়েছে বলে স্পষ্ট করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই কথা জানান।
সংসদ সদস্য মো. কেরামত আলী ও জয়নাল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, গত ১০ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর অধিকাংশেরই ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। যেসব মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হলেও এখনো সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে মোট ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, যেসব মামলায় ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে গেছে, সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে অনেক ব্যক্তি বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসারী হিসেবে আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা নিষ্পত্তি করে খালাস পাওয়ার পথ বেছে নেওয়ায় সব মামলা একযোগে প্রত্যাহার করা সম্ভব হয়নি।
আইনমন্ত্রী স্পষ্ট করে জানান, যাঁদের বিরুদ্ধে এখনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা রয়েছে, তাঁরা নির্ধারিত ফরমে আবেদন করলে তা যথাযথ যাচাই-বাছাই করে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি রাজনৈতিক প্রকৃতির হলে ক্ষেত্রবিশেষে হত্যা মামলাও প্রত্যাহার করা হবে। তবে যেকোনো ধরনের ধর্ষণ মামলা এই সিদ্ধান্তের সম্পূর্ণ বাইরে থাকবে এবং তা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
চাঁপাইনবাবগঞ্জে বিচারক সংকটের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে বিচারকের ৩৯৪টি পদ শূন্য রয়েছে। তবে এই শূন্যপদগুলো পূরণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব দ্রুতই এই বিচারক সংকট দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।