‘আমির হামজার ফাঁস হওয়া অডিওতে এআইয়ের প্রমাণ মেলেনি’

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একাধিক অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো পরীক্ষা করে এমন তথ্য জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, অডিওগুলোর সত্যতা যাচাই করতে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হলেও মুফতি আমির হামজা ও তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কথোপকথনগুলো কার সঙ্গে এবং কোন প্রেক্ষাপটে হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে মুফতি আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন এবং সেগুলোর সত্যতা পেয়েছেন বলে জানান।

ভাইরাল হওয়া ওই অডিওগুলোতে এক ব্যক্তিকে (যিনি মুফতি আমির হামজার বলে দাবি করা হচ্ছে) ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্টদের কাছে নিজের ভুল স্বীকার করতে শোনা যায়। অডিওর একটি অংশে বলতে শোনা যায়, “আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত। একদম হুলুস্থুল করে ফেলল বিষয়টা... কোন জায়গায় যেয়ে ঠেকবে ঠিক নাই।”

গত ৬ নভেম্বর বগুড়ার একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় নিজের সম্মানহানির অভিযোগ তোলেন মুফতি আমির হামজা। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং এই ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত। তবে ওই মাহফিলে তিনি অডিওগুলোকে সরাসরি এআই দিয়ে তৈরি বা এডিটেড বলে দাবি করেননি, যদিও পরবর্তীতে কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যমে সেগুলোকে এআই জেনারেটেড বলে প্রচার করা হয়।

‘দ্য ডিসেন্ট’ জানিয়েছে, তারা একাধিক উন্নত অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো পরীক্ষা করে কোনো কৃত্রিম বা এআই প্রযুক্তির অস্তিত্ব পায়নি। তবে প্রযুক্তির এই ফলের মাধ্যমে অডিওগুলোর প্রকৃত উৎস বা পেছনের প্রেক্ষাপট নিশ্চিত করা সম্ভব হয়নি।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটির অনুসন্ধানে আরও উঠে এসেছে যে, আমির হামজার কথিত অডিও ফাঁসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে লক্ষ্য করে ব্যাপক নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে। গত চার দিনে তাকে নিয়ে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব ভিডিওতে তাকে বিকৃত নামে সম্বোধন, ব্যক্তিগত আক্রমণ, ধর্মবিরোধী আখ্যা দেওয়া এবং এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি ও ভুয়া অডিও প্রচার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।