৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এদের মোতায়েন করা হয়।

বুধবার (১১ নভেম্বর) বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
পাশাপাশি, মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ মোতায়েন ও তৎপরতা অব্যাহত থাকবে।