নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলার রায়ে মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি, সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারার বিধান অনুযায়ী আদালত নির্দেশ দিয়েছেন যে, নবজাতক কন্যাসন্তানটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে। শিশুটি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে তার পিতা (দণ্ডিত আসামি) ও মাতা, উভয়ের পরিচয়ে পরিচিত হবে।
এছাড়া কন্যাসন্তানটির বিবাহ না হওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র বহন করবে। সরকার পরবর্তীতে এই অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো করে আদায় বা বাজেয়াপ্ত করবে বলে আদেশে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৯ মিনিটে লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত অবস্থায় আসামি আমান উল্লাহ মাহমুদীকে আদালতের কাঠগড়ায় আনা হয়। বিচারক এজলাসে প্রবেশের পর দুপুর ১২টা ৪৬ মিনিটে আলোচিত এই মামলার রায় পড়া শুরু করেন এবং টানা ১৮ মিনিট পাঠ শেষে ১টা ৪ মিনিটে রায় ঘোষণা সম্পন্ন করেন।
আদালতে আনার পর থেকে পুরোটা সময় ‘সাগর হুজুর’ মাথা নিচু করে বিমর্ষ অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। মৃত্যুদণ্ডের রায় শোনার পর তাকে নির্বিকার দেখা যায়। এদিন রায়ের সময় আসামিপক্ষের কোনো আইনজীবী বা আসামির স্বজনকে আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকতে দেখা যায়নি।
আদালতের আদেশে বলা হয়, আসামি, ভুক্তভোগী শিশু ও নবজাতকের রক্তের ডিএনএ পরীক্ষার ফলাফলে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়েছে যে, ধর্ষণের ফলে জন্ম নেওয়া কন্যাসন্তানটির ‘জৈবিক পিতা’ আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুর।
রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, আসামি একজন ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হয়ে তার পবিত্র দায়িত্ব ও কর্তৃত্বের চরম অপব্যবহার করেছেন। ১১ বছরের এক অবোধ ও অসহায় ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করে গর্ভবতী করার মতো পৈশাচিক অপরাধের ক্ষেত্রে কোনো সহানুভূতি প্রদর্শনের অবকাশ নেই। আইনের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিকল্প থাকলেও অপরাধের বীভৎসতা বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড অপর্যাপ্ত হওয়ায় আসামিকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে সাম্প্রতিককালে আবাসিক ও অনাবাসিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক যৌন নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের দেওয়া যুগান্তকারী নির্দেশনাগুলো প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে কার্যকর করার সময় এসেছে বলে উল্লেখ করেন বিচারক। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সিসিটিভিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বলে রায়ে মত দেওয়া হয়।
উল্লেখ্য, আমান উল্লাহ মাহমুদী প্রতিষ্ঠিত একটি মহিলা কওমি মাদ্রাসায় পড়াশোনা করত ১১ বছর বয়সি ওই শিশু। চলতি বছরের ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষায় শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। গত ২ জুলাই একটি সরকারি সেফ হোমে শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয় এবং পরবর্তীতে সিআইডির ডিএনএ পরীক্ষায় আসামির পিতৃত্ব প্রমাণিত হয়।