কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই বাড়ির দুই ব্যক্তিকে আগামী ১০-১২ দিনের মধ্যে “ভালো-মন্দ খেয়ে নেওয়ার” কথা লেখা হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের বাচ্চু মালিথা (৩০) ও মনি ডাক্তার (৪২) নামে দুজনের বাড়িতে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আলাদাভাবে বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন কাফনের কাপড়সহ অন্যান্য জিনিস ও চিরকুট দেখতে পান।
বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, "বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।" আর মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, "মনি ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।"
মনি ডাক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। কে বা কারা এসব রেখে গেছে, তা তিনি জানেন না। ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।“
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, "বিষয়টি শুনেছি।" তিনি জানান, ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে এবং পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। ঘটনার সময় তিনি কুষ্টিয়ায় একটি সভায় ছিলেন।