নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের পিরুজালী গ্রামে তার নিজ হাতে গড়া নুহাশ পল্লীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টা ১ মিনিটে নুহাশ পল্লীর লিচুতলায় এক হাজার মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল ৮টায় হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রয়াত এই জনপ্রিয় লেখকের ভক্ত, পাঠক, কবি, লেখক ও নাট্যজনেরা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেন।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, জন্মদিন উপলক্ষে রাতে এক হাজার মোমবাতি প্রজ্বলনের পর সকালে সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে বেলা সাড়ে ১১টায় নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারীরা জন্মদিনের কেক কাটেন। তবে অসুস্থতার কারণে হুমায়ূন আহমেদের দুই সন্তান নিনিত ও নিষাদ এবারের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন কালজয়ী এই কথাসাহিত্যিক। কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় দশ মাস চিকিৎসাধীন থাকার পর ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।