দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় দোকানে বসে থাকা অবস্থায় শেখ জাকির হোসেন (৪৩) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শেখ জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের ছেলে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী জাকির ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে দোকানের পাশে থামেন। তাদের মধ্যে একজন দোকানে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন এবং পরে মোটরসাইকেলে করে আবার ফকিরহাটের দিকে পালিয়ে যান।

গুলিবিদ্ধ অবস্থায় জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

এদিকে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ঘটনার দিনই বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি জরুরি সভা চলছিল। ওই সভার শেষ পর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া ওই বৈঠকে চলমান সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।