বিএনপি নেতার বাড়িতে মিললো ককটেল, পাশেই ছিল হত্যার হুমকি দেওয়া চিরকুট

যশোরে ইউনিয়ন বিএনপির নেতার বাড়ি থেকে দুটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের শিমুল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

চিরকুটে বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।

ভুক্তভোগী বিএনপি নেতা শিমুল হোসেন জানান, সকালে বাড়ির উঠানের একপাশে দুটি লাল টেপের জর্দার কৌটা দেখতে পাই। একটু কাছেই যেয়ে দেখি এগুলো ককটেল সদৃশ। পরে পুলিশকে খবর দিলে তারা এসব ককটেল উদ্ধার করে। পরে ককটেলের পাশেই একটি চিরকুট পাওয়ায়। সেখানে হত্যার হুমকিসহ বিভিন্ন গালিগালাজ লেখা।

অভিযোগ করে তিনি জানান, “বৃহস্পতিবার রাতে কে বা কারা বাড়িতে এই ককটেল ছুড়ে মারে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এই কাজ করছে। দুর্বৃত্তরা আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করতে চায়। কিন্তু এগুলোর বিস্ফোরণ ঘটেনি।”

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিবি পুলিশের একটি টিম, কোতোয়ালি থানা ও সাজিয়ালী ফাঁড়ি পুলিশ সদস্যরা ঘটনাস্থলে হাজির হন। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে তারা অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুইটি বস্তু ও চিরকুট উদ্ধার করেন। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।”

এদিকে ঘটনার খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত যশোর শহরে দুটি আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে মুজিব সড়কের পুরোনো আদালত ভবনের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আরেকটি ককটেল ফাটে। এ ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে করে এসে কয়েকজন এসব ককটেল ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণের সময় বিকট শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশের একটি সূত্র বলছে, এসব ককটেল বিস্ফোরণের ঘটনার প্রাথমিক সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল বাড়ানো হয়েছে।