বগুড়ার সারিয়াকান্দিতে ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত কার্যক্রম।

এতে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের দাপ্তরিক কাজ পরিচালনায়ও সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষকদের। দ্রুত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দিতে মোট ১৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন। এছাড়া ৪৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক চলতি দায়িত্বে রয়েছেন। আর ৫৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক মূল পদে দায়িত্ব পালন করছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত বিদ্যালয়গুলো হলো - শিমুলতাইড়, চর ফাজিলপুর, চর চালুয়াবাড়ী, ভাঙ্গরগাছা, কুপতলা, বাঁশগাড়ি, বরুরবাড়ি, খোর্দ্দ বলাইল, হাটশেরপুর, চকরথিনাথ, পাকুরিয়ার চর, চর জামথল, দেলুয়াবাড়ী, রামনগর, ফুলবাড়ি, ছাগলধরা, কর্ণিবাড়ী, নিজ বলাইল পশ্চিম পাড়া, অন্তার পাড়া, পশ্চিম ছাগলধরা, করমজাপাড়া, চর বাটিয়া, চর ছাগলধরা, চর গোসাইবাড়ী, শেখাহাতি, বেড়া পাঁচবাড়িয়া, শাহানবান্ধা, পূর্বচর শোনপঁচা, ধারাবর্ষা, সারিয়াকান্দি আদর্শ, হাওড়াখালি, মানিকদাইড়, কুড়িপাড়া, দক্ষিণ ছাগলধরা, পাকেরদহ, দহপাড়া, পার দেবডাঙ্গা, দক্ষিণ শংকরপুর, চর ভেড়ামারা, আদবাড়িয়া, পৌতিবাড়ী, পাকুরিয়া পাড়া, আটাচর, কর্ণিবাড়ী, নাড়াপালা, নান্দিনার চর, চর মাঝিড়া, চর মাজবাড়ী, চর লক্ষীকোলা, কেস্টিয়ার চর, কামালপুর, সুতানারা, চর দলিকা, শংকরপুর, গোদাখালি মুক্তিযোদ্ধা, চর কর্ণিবাড়ী, বুরইল, কালিয়ান, ভাঙ্গারছেও, চর ডাকাতমারা, পাইকরতলী, ঘুঘুমারী দক্ষিণ, টেংরাকুড়া, বহুলাডাঙ্গা, তাজুরপাড়া, নিজ বলাইল হিন্দু পাড়া, ছাইহাটা পূর্ব পাড়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও দক্ষিণ ধারাবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, কয়েক বছর ধরে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাকে। একদিকে নিজের শ্রেণির পাঠদান, অন্যদিকে বিদ্যালয়ের দাপ্তরিক কাজ সামলাতে হয়। পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতে হয়।   

তিনি বলেন, “দাপ্তরিক কাজে উপজেলা সদরে যেতে হলে সেদিন বিদ্যালয়ের পাঠদান নিয়ে সমস্যা তৈরি হয়। তখন সহকারী শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হয়।” এ সমস্যার দ্রুত সমাধান চান তারা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মাহতাবুর রহমান বলেন, “ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদায়ন করা হবে। পরে অথবা একই সময়ে শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তখন এ ধরনের সমস্যার সমাধান হবে।”

তবে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের পাঠদান বা শিখন কার্যক্রমে কোনো ঘাটতি হচ্ছে না বলে দাবি করেন তিনি।