মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ফিনলে কোম্পানির মালিকানাধীন খেজুরীছড়া চা বাগানের ডিনস্টন ডিভিশন ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, কার্তিক মাস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও তারা ধর্মীয় কীর্তনের আয়োজন করেছিলেন। তবে বাগান কর্তৃপক্ষ এতে বাধা দেয় এবং প্যান্ডেল ও মন্দির অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এ নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলে আসছিল। একপর্যায়ে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হুমায়ুন কবিরকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। গত ২৬ ও ২৭ অক্টোবর থেকে চা-পাতা উত্তোলনসহ বাগানের বিভিন্ন কার্যক্রম বন্ধ রেখে শত শত নারী-পুরুষ শ্রমিক বাগান কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এদিকে শ্রমিকদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ডিজিএম হুমায়ুন কবির জানান, ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া বা মন্দির সরানোর কোনো নির্দেশ দেওয়া হয়নি। কারখানার প্রধান ফটকের সামনে বড় প্যান্ডেল তৈরি করে টানা ৩০ দিন কীর্তনের আয়োজন করায় চলাচলের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল। শ্রীমঙ্গল পূজা উদযাপন কমিটি, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আয়োজকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে রাস্তা খোলা রেখে উৎসব করার অনুরোধ জানানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফিনলে হাউজ বালিশিরার চিফ এক্সিকিউটিভ অফিসার-এস্টেটস স্বাক্ষরিত অফিস আদেশে বাগান ও চা কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, শ্রমিকদের একটি অংশ ধর্মঘট পালন করার পাশাপাশি গত ১২ নভেম্বরও কাজে যোগ দেননি। এ ছাড়া ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা, ডিভিশন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কাজ থেকে বের করে আনার অভিযোগ রয়েছে। ফলে অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলার কারণে বাগান পরিচালনা অসম্ভব হয়ে পড়ায় শ্রম আইন অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।