পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে যুক্ত হলো নতুন অগ্রগতি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে পাঁচটার দিকে রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম জ্বালানির পঞ্চম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানিগুলো কেন্দ্রে নেওয়া হয়।
ইউরেনিয়াম পরিবহনের সময় সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালানসহ মোট ছয়টি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে ভবিষ্যতে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা।
এদিকে জ্বালানি সরবরাহের পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট চালুর প্রস্তুতিও এগিয়ে চলছে। বর্তমানে সেখানে চলছে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ পর্যায়ের কার্যক্রম। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কার্যক্রম শুরুর অনুমোদন দেন।
এই পর্যায়ে ধীরে ধীরে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন, জেনারেটর এবং নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। সব পরীক্ষা সন্তোষজনকভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এই প্রক্রিয়াটিই সিনক্রোনাইজেশন নামে পরিচিত।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, চলতি নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে কি না, তা নির্ভর করছে প্রয়োজনীয় পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি ইউনিট রয়েছে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।