ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে একটি লঘুচাপ, যা আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অথবা আরও শক্তিশালী হয়ে ১৮ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে কোন উপকূলে আঘাত হানতে পারে, তা এখনো নিশ্চিত নয়।

শনিবার (১৪ নভেম্বর)  দেশটির আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’।

আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

১৮ নভেম্বর প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন অঞ্চলে আঘাত হানবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। আইএমডি সম্ভাব্য গতিপথের পূর্বাভাস প্রকাশ করলেও নির্দিষ্ট কোনো উপকূলে আঘাত হানার কথা জানায়নি। ফলে বাংলাদেশ বা ভারতের কোনো অঞ্চলকে এখনই এর সম্ভাব্য আঘাতস্থল হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না।

আবহাওয়াব্যবস্থাটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইএমডি। পরবর্তী পূর্বাভাসে এর গতিপথ, শক্তি ও সম্ভাব্য উপকূলীয় প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।