এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে জমি দখলের মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা মো. আব্দুল হালিম টম (৫৫) এর বিরুদ্ধে মারপিট ও জমি দখলের অভিযোগে এক ব্যক্তি মামলা করেছেন। 

শনিবার (১৪ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার মো. ইদ্রিস আলী (৬৭) বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

ওসি জানান, শনিবার সকালে ইদ্রিস আলী নামে এক ব্যক্তি বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামালায় নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিমের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞান আরও দুইজনকে আসামি করা হয়েছে। 

এজাহার সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা আব্দুল হালিম টম এর আপন ভাই মাহফুজুর রহমান ও মনজু মাষ্টার জীবিত থাকাকালীন তার ভোগ দখলীয় সোয়া ৪ কাঠা জমি ৫ বছর পূর্বে দলিল মূলে ক্রয় করেন স্থানীয় ইদ্রিস আলী নামে এক ব্যক্তি। জমি ক্রয় করার পর মাহফুজুর রহমান মনজু মাষ্টার ইদ্রিস আলীকে সরেজমিনে দখল স্বত্ব বুঝিয়ে দেয়। এরপর ইদ্রিস আলী সেখানে বাড়ি ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। বসবাস করাকালীন অভিযুক্ত হালিম জমি জবর দখল করার পরিকল্পনা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। 

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে উল্লেখিত আসামীসহ তার সহযোগী অজ্ঞাতনামা ৮/১০ জন দেশীয় অস্ত্র নিয়ে মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড়স্থ ইদ্রিস আলীর বসত বাড়ির ভিতর প্রবেশ করে। এসময় আব্দুল হালিম নির্দেশে ঘরের বেড়া, দরজা, জানালা টিনের চালসহ আসবাবপত্র ভাঙচুর করে। 

তখন বাধা দিলে অভিযুক্ত আব্দুল হালিম টম লাঠি দিয়া মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় অভিযুক্ত আব্দুল হালিম টম অজ্ঞাতনামা আসামীদের সহযোগীতায় ইদ্রিস আলীর বসত ঘরে থাকা আসবাপত্র জোর পূর্বক নিয়ে যায়। 

এ ঘটনার পর আব্দুল হালিম টম ইদ্রিস আলীর বিরুদ্ধে দৌলতপুর থানার মামলা করেন। মামলায় জেল খেটে জামিনে আসার পর পুনরায় ইদ্রিস আলীর জমি আব্দুল হালিম টম এবং মেয়ে নুসরাত তাবাসসুম তাদের পেশী শক্তির ক্ষমতায় দখল করেছে মর্মে স্থানীয় লোকজনদের জানানো হলে আব্দুল হালিম উক্ত জমি তার বলে এলাকায় প্রচার করে। 

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনাকে রাজনৈতিক নাশকতা বলে দাবি করে এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেন এই সংসদ সদস্য।