জামালপুরে রেলওয়ে ওভারপাস থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
শনিবার (১৪ নভেম্বর) রাতে শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বস্তুটির বিস্ফোরণ ঘটানো হয়।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় শহরের রেলওয়ে ওভারপাসের ফুটপাতে লাল টেপ মোড়ানো ও দুই দিকে বৈদ্যুতিক তারসহ বোমা সদৃশ একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রাখে ও রেলওয়ে ওভারপাস দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এই ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পাঁচ ঘণ্টা পর ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে মধ্যরাতে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে পাশের ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বোম সদৃশ বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি, জনমনে আতঙ্ক দূর হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।