খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিক্ষিপ্ত পেট্রোল বোমাটি নগর ভবনের সামনের বড় সিঁড়ির মাঝে পরে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে ভবনে আগুন ছড়িয়ে পরে।

তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। নিরাপত্তারক্ষীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২ টার দিকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। 

খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন বলেন, “বোমা নিক্ষেপের খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। পেট্রোল বোমাটি নগর ভবনের বড় সিড়ির মাঝামাঝি ফেলা হয়। তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।“