আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।এ তালিকায় ঢাকার পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

সকাল সাড়ে আটটার ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ৩৩৬।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ তালিকায় এ মানকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়।দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতার  একিউআই ২৬৬। এরপর লাহোরের একিউআই ২১৯।

ঢাকার বাতাসে দূষণের প্রধান উপাদান অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২ দশমিক ৫।  ঢাকার বাতাসে পিএম ২ দশমিক ৫-এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ২৪৩ দশমিক ৩ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকা মানে চেয়ে ৪৮ দশমিক ৭ গুণ বেশি।

এসব কণা এতই সূক্ষ্ম যে শ্বাসপ্রশ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। দীর্ঘদিন এমন দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কারণে শ্বাসতন্ত্র ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন স্থানে স্থাপিত পর্যবেক্ষণকেন্দ্রগুলোর বায়ুর মানেও উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যার হালনাগাদ তথ্য অনুযায়ী, রাজধানীর ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের কোনোটিতেই বায়ুর মান ভালো ছিল না। কয়েকটি স্থানে বায়ুর মান ছিল খুব অস্বাস্থ্যকর পর্যায়ে।