দেশের বিদ্যুৎ খাতে নতুন মাইলফলক যুক্ত হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
প্রয়োজনীয় অনুমোদন ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হলে প্রাথমিকভাবে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে অল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হবে। এরপর গ্রিডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রটির বিভিন্ন কারিগরি ব্যবস্থা ও নিরাপত্তাসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি থেকে উৎপন্ন তাপ ব্যবহার করে বাষ্প তৈরি করা হয়। সেই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। রূপপুরেও একই প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রথম পর্যায়ে কেন্দ্রটি মোট সক্ষমতার মাত্র ৩ শতাংশে পরিচালনার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে নেওয়া হবে। ওই পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। তখন জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে।
তবে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেই কেন্দ্রটি পুরোপুরি চালু হয়ে যাচ্ছে না। এর পরও একাধিক ধাপে নিরাপত্তা, যন্ত্রপাতির কার্যকারিতা এবং উৎপাদনক্ষমতা যাচাই করতে হবে। সংশ্লিষ্টদের ধারণা, প্রথম ইউনিটকে পূর্ণ সক্ষমতায় নিতে আরও পাঁচ থেকে ছয় মাস প্রয়োজন হতে পারে। এসব পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।
এদিকে রূপপুরের বিদ্যুৎগ্রহণের জন্য জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম। তিনি জানান, বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় পিডিবির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।