৫ দফা দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, চট্টগ্রাম বন্দরে কার্যক্রম ব্যাহত

করোনাকালীন ভাতা, বকেয়া পাওনা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে এই কর্মবিরতি পালন করছেন তারা।

বন্দর সূত্রে জানা গেছে, সকাল আটটা থেকে এ কর্মবিরতি শুরু হয়। এর ফলে বেসরকারি এই অপারেটর প্রতিষ্ঠানের অধীনে থাকা পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং (ওঠা-নামা) কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

শ্রমিকরা বলছেন, দাবি মেনে নেওয়া না পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। সাইফ পাওয়ারটেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বকেয়া গ্র্যাচুইটির সম্পূর্ণ অর্থ পরিশোধ, সার্ভিস বেনিফিট প্রদান, অব্যবহৃত অর্জিত ছুটির টাকা পরিশোধ, কোভিড-১৯ মহামারির সময় দায়িত্ব পালনের ঝুঁকি ভাতা এবং দীর্ঘ চাকরিজীবনের আইনত প্রাপ্য সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

আন্দোলনকারীদের প্রদর্শিত একটি ব্যানারে লেখা হয়েছে, ‘আমরা আর কোনো আশ্বাস চাই না, আমাদের ন্যায্য পাওনা পরিশোধের নিশ্চয়তা চাই। আমরা আমাদের শ্রমের মূল্য ও অধিকার চাই।’

উল্লেখ্য, গত ২ নভেম্বর চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার বিষয়ে সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) তা আরও তিন সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এ পরিস্থিতিতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় থাকা শ্রমিকরা এ কর্মসূচিতে নেমেছেন।

টার্মিনালটি পরিচালনার জন্য নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলমান থাকায় সাময়িকভাবে এ মেয়াদ বাড়ানো হয়।

তবে বর্ধিত এ মেয়াদ প্রায় শেষ হয়ে আসায় শ্রমিকরা আশঙ্কা করছেন, টার্মিনালে সাইফ পাওয়ারটেকের পরিচালনার দায়িত্ব শেষ হয়ে গেলে তাদের দীর্ঘদিনের আর্থিক পাওনাগুলো অপরিশোধিতই থেকে যেতে পারে।

বন্দর ব্যবহারকারী ও শিপিং এজেন্টদের মতে, এই কর্মবিরতি দীর্ঘায়িত হলে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে, বন্দরে কনটেইনার জট তৈরি হতে পারে এবং দেশের প্রধান এই সমুদ্রবন্দর দিয়ে আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য জাহাজীকরণে বিলম্ব ঘটতে পারে।

শ্রমিকদের দাবি এবং বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সাইফ পাওয়ারটেকের কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।