গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ৭ স্থানে অবরোধ

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি চলছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১২ টার দিকে খালেক (নীলফা) বাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুড়ি ও পোড়ানো গাড়ি দিয়ে অবরোধ করে রাখা হয়েছে।  

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবার পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

আজ নীলফাবাজার মোড়,  রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ রয়েছে।

নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বাস এসব চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত রিক্সা, ইজিবাইক এগুলো একপাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।  

এদিকে শহরের চৌরঙ্গী এলাকা এবং নীলফাবাজার মোড়ে অবরোধ করা স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ মাইকে বাজানো হচ্ছে।