প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে জামায়াত আমির

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মাগরিবের আগে বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। বৈঠকে দুই নেতা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।

সূত্র জানায়, দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বৈঠকে শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা পরবর্তী কোনো উদ্যোগের কথা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এ বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।