মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে পরপর তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটে।

আমির হামজা সাথিলের বাড়ি উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায়। ঘটনার সময় তার চাচা ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন। 

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে আসা দুইজন ওই বাড়ি লক্ষ্য করে কিছু নিক্ষেপ করে। এরপরই ওই দুজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়িটির সামনের রাস্তায় বোমসদৃশ বস্তু বিস্ফোরিত হয়। তবে এতে ঘরবাড়ি বা মানুষের ক্ষতি হয়নি। যদিও এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা নাশকতা করেছে তা চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।