‘আওয়ামী লীগ বড় শত্রু হয়নি, বিএনপি এখনো বিএনপির বড় শত্রু’

সামনে বিএনপির অনেক কঠিন সময় আসছে উল্লেখ করে সাভার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি বলেছেন, আওয়ামী লীগ এখনো তাদের বড় শত্রু হয়ে ওঠেনি; বরং বিএনপি এখনো বিএনপির শত্রু হিসেবে আছে এবং দলের নেতাকর্মীরা নিজেরাই নিজেদের সহ্য করতে পারছেন না। দলের ভেতরের বিভেদ, সুবিধাবাদী নেতাকর্মী এবং ত্যাগীদের মূল্যায়ন না করার বিষয়ে সতর্ক করে তিনি আগে নিজেদের ঘর সামলানোর এবং এরপর অন্যের দিকে তাকানোর আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাভারের পাকিজা এলাকায় ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসভবনে আয়োজিত এক আলোচনা সভায় এমপির উপস্থিতিতেই তিনি এসব কথা বলেন।

বদিউজ্জামান বদি বলেন, সামনে দলের অনেক যুদ্ধ রয়ে গেছে। তিনি নেতার কাছে অনুরোধ জানিয়ে বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যাঁরা তাঁর ডাকে ও তারেক রহমানের নির্দেশে রাজপথে মিটিং-মিছিল করেছেন, রোদ-বৃষ্টি সহ্য করেছেন, তাঁদের মূল্যায়ন করে 'কর্মী এ' হিসেবে রাখতে হবে। অন্যদিকে যাঁরা চাকরি বা ব্যবসা হারানোর ভয়ে প্রকাশ্যে মিছিলে হাঁটেননি বা ছবি তোলেননি, কিন্তু ভোট দিয়েছেন, তাঁদের 'কর্মী বি' হিসেবে আলাদা শ্রেণিতে রাখা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

নিজের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় মেজর জাকিরের নেতৃত্বাধীন টাস্কফোর্স ওয়ান তাঁকে ধরে নিয়ে সেগুনবাগিচায় তিন ঘণ্টা নির্যাতন করেছিল, যার ক্ষত এখনো রয়ে গেছে; অথচ তিনি কখনো তা প্রচার করেননি। অন্যদিকে অনেকে সাভার থেকে ইচ্ছা করেই জেলখানায় গিয়েছিলেন এবং কেউ কেউ কমিশনার প্রার্থী বা ঋণখেলাপি হওয়ার মতো নানা বিষয় নিয়ে সামনে এসেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের হুঁশিয়ারি দিয়ে সাভার পৌর বিএনপির এই নেতা বলেন, তাঁর পরিবার বা আত্মীয়স্বজনের মধ্যে যদি কেউ আওয়ামী লীগের লোক খুঁজে পান কিংবা গত ৫ আগস্টের পর থেকে গত দুই বছরে তিনি কোনো আওয়ামী লীগ নেতার সঙ্গে বসে এক কাপ চা খেয়েছেন এমন অভিযোগ প্রমাণ করতে পারেন, তবে তিনি বিএনপির রাজনীতি ছেড়ে দেবেন। কিন্তু দলের অনেকেই এখন আওয়ামী লীগের লোকজনকে কাঁধে নিয়ে ঘুরছেন, ব্যবসা করছেন এবং ব্যবসার ভাগ কিংবা জমি বিক্রি করে টাকা ভারতে পাঠাচ্ছেন বলে অভিযোগ করে তিনি তাঁদের সাবধান হয়ে যাওয়ার সতর্কবার্তা দেন।

স্থানীয় প্রভাবশালী এই নেতা আরও বলেন, দলের ঘরের শত্রু বিভীষণ। দিনে এক রূপ এবং রাতে আরেক রূপ ধারণকারী নেতাদের চিহ্নিত করে নেতৃত্ব বাছাই করার জন্য তিনি সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান। উদাহরণ দিয়ে তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র শওকত সরকারের আপন ভাই আশুলিয়া থানা যুবলীগের সভাপতি আগুন সরকার অস্ত্র সরবরাহ করছেন। দলের ভেতরে এমন শত শত উদাহরণ রয়েছে, যেখানে এক ভাই বিএনপি করেন এবং আরেক ভাই আওয়ামী লীগ করেন। তাই আগে নিজেদের ঘর সামলে তারপর অন্যের দিকে তাকানোর পরামর্শ দেন তিনি।

এ ছাড়া সাভার রেজিস্ট্রি অফিসে সাধারণ সম্পাদক নির্বাচন করা বিএনপি নেতা হাসানের বিরুদ্ধে গত এক সপ্তাহে মামলা হওয়ার প্রসঙ্গ টেনে বদিউজ্জামান বদি প্রশ্ন তোলেন, এই সময়ে বিএনপির হাসানের নামে কেন মামলা হবে এবং কারা এই মামলা দিচ্ছে তা খুঁজে বের করার আহ্বান জানান। সবশেষে তিনি আবারও নেতাকর্মীদের মনে করিয়ে দেন যে বিএনপি এখনো অনেক অংশে বিএনপিরই শত্রু হয়ে আছে।