দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগেই তিনি দলের দায়িত্বশীলদের কাছে এই দায়িত্ব পালনে নিজের অপারগতার কথা জানিয়ে পদত্যাগ করেছিলেন।
বিষয়টি এলাকার সাধারণ মানুষ অবগত না থাকায় গণমাধ্যমের মাধ্যমে তা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আজ থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন।
কোনো ধরনের চাপ বা ভয়ভীতির কারণে নয়, বরং সম্পূর্ণ নিজ সিদ্ধান্তে পদত্যাগ করেছেন দাবি করে আবুল কালাম শেখ বলেন, এই দায়িত্বে থেকে তার পক্ষে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় বলেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।