মৌলভীবাজারে ২০ জনকে পুশ ইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুটি সীমান্ত দিয়ে বৈরী আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক টহল ও দ্রুত তৎপরতায় তাদের সেই চেষ্টা ভেস্তে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে বড়লেখা উপজেলার লাতু ও পাল্লাথল সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে এই পুশ ইনের চেষ্টা চালানো হয়।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, রাতের আঁধার ও প্রতিকূল আবহাওয়ার সুযোগে বিএসএফ সদস্যরা ২০ জন নারী-পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি বিজিবির টহল দলের নজরে এলে সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেন এবং প্রতিহত করেন। ফলে পুশ ইনের চেষ্টা সফল হয়নি।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন পয়েন্টে বিএসএফ একাধিক নারী-পুরুষকে আটক বা জড়ো করে রেখেছে এবং সুবিধাজনক সময়ে তাদের বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা অব্যাহত রেখেছে।

তবে মৌলভীবাজার সীমান্তজুড়ে বিজিবি আগের তুলনায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করায় এ ধরনের অনুপ্রবেশ বা পুশ ইন ঠেকানো সম্ভব হচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল, গোয়েন্দা তৎপরতা ও সতর্ক অবস্থান জোরদার রাখা হয়েছে।