শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা ভারতের নাগরিক। তাদের মধ্যে তিন শিশু, দুই নারী ও এক পুরুষ রয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) উপজেলার পানিহাতা মিশনমোড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ।
আটক ব্যক্তিরা হলেন আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), নুরজাহান খাতুন এবং তিন শিশু। তারা ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বলেন, “আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি।”
সীমান্তে মাদক, চোরাই মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।