বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৬২টি ভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে পরিবেশবান্ধব এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফলদ, ফুল, ঔষধি ও বনজসহ ৬২ প্রজাতির গাছের চারা রোপণ করেন তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ছাত্রদলের সহসভাপতি এইচ এম আবু জাফর জানান, প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠের চারপাশে ৬২ প্রজাতির ৬২টি ফল, ফুল, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। ক্যাম্পাসের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ রাখা সবার দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমেই তাঁরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরও জানান, তারেক রহমান গত ১৬ বছর লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন এবং জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- তার এই স্লোগান বাস্তবায়নের অংশ হিসেবেই জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান ছাত্রদলের এই নেতা।
রোপণ করা ৬২ প্রজাতির গাছের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমড়া, সফেদা, কামরাঙা, আনার, জলপাই, আমলকী, কদবেল, করমচা, লেবু, বরই, নারিকেল, সুপারি, খেজুর, বাদাম, চাম্বল, মেহগনি, আকাশমণি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, রেইনট্রি, বট, অর্জুন, বহেরা, হরীতকী, সিজিয়াম, ক্রিসমাস ট্রি, ঝাউ, বাঁশ, নিম, এরিকা পাম, প্রিচার্ডিয়া পাম, র্যাফিস পাম, আম্ব্রেলা ট্রি, তেজপাতা, দারুচিনি, দেবদারু, নাগেশ্বর, কাঠগোলাপ, রঙ্গন, জবা, হাসনাহেনা, নাকফুল, বাগানবিলাস, বকুল, চাঁদনী, বটল ব্রাশ, চায়না ডল, পাতাবাহার, চেরি ফুল, ক্যামেলিয়া, সোনালু, মেহেদী ও ড্রেসিনাসহ বিভিন্ন প্রজাতির চারা।