প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান। এরপর প্রধানমন্ত্রীকে মঞ্চে নিয়ে আসা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী সেনানিবাসে এসে ব্যক্তিগতভাবে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা উল্লেখ করে বলেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার জীবনের শেষ অংশগ্রহণ। এ সময় প্রধানমন্ত্রী তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং চব্বিশের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন বলে তিনি উল্লেখ করেন।
শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দুটি প্রধান দায়িত্বের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রথম ও প্রধান দায়িত্ব হলো যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং দ্বিতীয়টি হলো শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে এবং সেই থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন এবং ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে সেনাসদস্যদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি; ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল এবং এর পর দেশকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তা দেশবাসীর জানা।
সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। তিন বাহিনীর পৃথক সক্ষমতাকে একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ করতে সরকার ইতিমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ বলে জানান তিনি।
সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার জন্য চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই। বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি জানান, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতিমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যদের সুনামের কথা উল্লেখ করে তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অংশগ্রহণ ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দেশে-বিদেশে এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে শাহাদাতবরণকারী বীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহত সদস্যদের প্রতি সহমর্মিতা জানান। এ ছাড়া মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশগুলোর অবদানের কথা স্মরণ করে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও সহযোগিতায় তাদের অব্যাহত সমর্থন কামনা করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা অনুষ্ঠানে অংশ নেন।