সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২১ নভেম্বর) বেলা ২টার দিকে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারের কাছে ভারতের ভেতর থেকে তাঁকে আটক করা হয়।
আটক শাহরিয়ার গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় পাথর আনতে গিয়েছিলেন শাহরিয়ার। একপর্যায়ে তারা অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে পড়েন। তখন বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে চলে এলেও শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
শাহরিয়ারের বাবা জানান, তার ছেলে কানে কম শোনেন। শনিবার সকালে তাকে হাদারপার বাজারের একটি দোকানে পাঠানো হয়েছিল। কিন্তু সে দোকানে না গিয়ে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের ভেতরে ঢুকে পড়লে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ বলেন, “শাহরিয়ার অবৈধভাবে পাথর তোলার জন্য ভারতের ভেতরে ঢুকেছিলেন। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। তাকে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।”