ডেঙ্গুতে ২ প্রাণহানি, হাসপাতালে ১,৫১৯ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। এসময়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। 

রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১ হাজার ৫১৯ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ১৬০ জন। এসময়ে মারা যাওয়া ২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন রয়েছেন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক নতুন ভর্তির চিত্রে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৭৫৫ জন। এর মধ্যে ঢাকা মহানগরেই ভর্তি হয়েছেন ৩২৮ জন। 

খুলনা বিভাগে ১৭৪ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

চলতি বছরের সার্বিক চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন। এই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫১৮ জনের।