রংপুর নগরের মাসুয়াপাড়া মহল্লায় বহুল আলোচিত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা ও পুত্রসহ চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনার তিন মাস পর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে ত্রুটিপূর্ণ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে এসে তা সংশোধনের জন্য ফিরিয়ে নিয়ে গেছে। চার খুনের ঘটনাকে চুরির ঘটনা হিসেবে উল্লেখ করে অভিযোগপত্র তৈরি করা হয়েছে, এমন তথ্য ফাঁস হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রংপুর মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল জানান, অভিযোগপত্রে ত্রুটি থাকায় সেটি সংশোধন করার জন্য বলা হয়েছে, তবে এ নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগ উঠেছে, চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় ডিবির তদন্তে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা প্রকাশ্যে এসেছে। গ্রেফতার হওয়া দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস মিলে পুরো পরিবারের চারজনকে একে একে শ্বাসরোধে হত্যা করেছে বলে তদন্তে উপস্থাপন করা হয়েছে। অথচ ঘটনার পর থেকেই নিহতের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলে দাবি করে আসলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
রবিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকর্মীদের ফোন করে জানানো হয়, শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চার খুন মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছুটে যান।
জানা গেছে, মহানগর ডিবির পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী অভিযোগপত্র, মামলার সিডিসহ অন্যান্য কাগজপত্র নিয়ে গোপনে আদালত চত্বরে আসেন এবং মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট বিভাগে তা জমা দেওয়ার চেষ্টা করেন। এ সময় নাম প্রকাশ না করার শর্তে মেট্রোপলিটন আদালতের একজন সরকারি আইনজীবী অভিযোগপত্রটি দেখে সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসঙ্গতি দেখতে পান এবং তা সংশোধনের পরামর্শ দেন। পরিস্থিতি বুঝে তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী কাগজপত্র নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশীদ ও ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি; তবে কয়েক দিনের মধ্যে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার কথা জানানো হয়েছে।
মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী অল্প কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। এ কারণে গভীর অনুসন্ধান ছাড়াই তড়িঘড়ি করে অভিযোগপত্র তৈরি করে আদালতে দাখিল করতে এসে ত্রুটি পাওয়ায় তিনি তা ফিরিয়ে নিয়ে গেছেন। এ বিষয়ে বক্তব্য জানতে জিন্নাত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ২২ আগস্ট শনিবার রাতে নগরের মাসুয়াপাড়া মহল্লার বাসা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী ও শিশুপুত্র আয়াসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গণপতি চক্রবর্তীর বড় ভাই বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
তদন্তে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৩ আগস্ট দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দাবি করেন, বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় তারা চারজনকে একে একে শ্বাসরোধে হত্যা করেন। তবে দুই আসামির পক্ষে চারজনকে পরপর হত্যা করার বিষয়টি অবিশ্বাস্য দাবি করে জড়িত সবাইকে গ্রেফতারের দাবিতে নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।