নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরের পর তাকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে পাঠানোর কথা রয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় তাপসী টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস বাংলা নামের একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে আসেন। ওই সময় সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করে আটক করেন এবং পরে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদও উপস্থিত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তাপসী। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, চাকরির ইন্টারভিউ দিতে এসে তাপসী আটক হওয়ার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন; তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।