নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বেঁচে যাওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তারকে ক্লোজ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
এর আগে, রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
ক্লোজ হওয়া আব্দুস সাত্তার সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন বলেন, “এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কাউকে এখনও আটক বা গ্রেপ্তার করা হয়নি।”
কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে নিশ্চিত করে বলা সম্ভব হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যাb। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। এলোপাথাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। এতে কনস্টেবল আনোয়ার মারা যান। আর তার সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আগেও পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করেছে। তাছাড়া এ ঘটনার পেছনে কোন মাদক চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।