প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকে নতুনভাবে ঐক্য হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তার মতে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রকামী মানুষের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সরকার সেই ঐক্যকেই আরও সুসংহত করতে চায়।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন বৈঠকে বসেন। ৩৫ মিনিট স্থায়ী ওই বৈঠক শেষে প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, মতবিনিময় সভায় এনসিপির প্রতিনিধিদল তাদের বিষয়গুলো তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজনৈতিক আদর্শ নির্বিশেষে দেশ-বিদেশের সব শ্রেণি-পেশার মানুষের যে ঐক্য ফুটে উঠেছিল, তা ইতিমধ্যে প্রতিষ্ঠিত রয়েছে। পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি ও গণতন্ত্রকামী রাজনৈতিক দল মত-পথ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মানবাধিকার, আইনের অনুশাসন ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে লক্ষ্য জুলাই গণঅভ্যুত্থানে ছিল, এই মতবিনিময়ে সেই আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ঘটেছে।

সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদে বিএনপি যেভাবে স্বাক্ষর করেছে, ‘নোট অব ডিসেন্ট’-এর আলোকে তা শতভাগ বাস্তবায়ন করা হবে এবং এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি ঘটবে না। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড প্রায় শতাধিক অধ্যাদেশকে (অর্ডিন্যান্স) আইনে রূপান্তর করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তা বাস্তবায়ন করবে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় দেশের সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও এনসিপি নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি।

উল্লেখ্য, গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও হামলার প্রসঙ্গ টেনে গত ১৮ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন।