কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজির ২ যাত্রীর প্রাণহানি

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমজাদের বাজারের কালিশ্বর রাস্তার মাথায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কালিকাপুর এলাকার শফিক মিয়ার ছেলে সিএনজিচালক আব্দুল মতিন (৩৫) ও অপরজন হিঙ্গলা এলাকার আহসানুল্লাহর ছেলে যাত্রী মোহাম্মদ আরিফ (৩০)।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার জানান, নাম্বারবিহীন একটি পিকআপ পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে মোহাম্মদ ইয়াকুবের (৩৯) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই যাত্রী রাসেল (৪) ও সুফিয়া বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।