ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসা ছেড়ে না দিলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হবে।
‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা ১৯৮২’ অনুযায়ী, বদলির পর সাধারণত দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছাড়তে হয়। তবে সন্তানের লেখাপড়ার বিষয় বিবেচনায় সরকারের ইচ্ছাধীন ক্ষমতাবলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখা যেতে পারে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে সতর্ক করে সম্প্রতি চিঠি দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর।
গত ১৯ নভেম্বর সব সিনিয়র সচিব ও সচিব, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদপ্তরের আওতায় বাসা বরাদ্দ পান। পরে দাপ্তরিক প্রয়োজনে তাদের অনেককে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের বাইরে বদলি করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে বদলির তথ্য পরিদপ্তরকে জানানো হয় না। আবার কেউ কেউ বদলির পর বিধি অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সরকারি বাসার দখল ছাড়েন না। এ ধরনের অবস্থান বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।
চিঠিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের বাইরে বদলি হওয়ার পরও অননুমোদিতভাবে সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হয়। অনেক কর্মকর্তা-কর্মচারী বিষয়টি জানা ছিল না দাবি করে অননুমোদিতভাবে বসবাসের জন্য ধার্য করা অতিরিক্ত ভাড়া মওকুফের আবেদন করেন।
তবে সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, বিধি অনুযায়ী অননুমোদিতভাবে সরকারি বাসায় অবস্থানের কারণে দ্বিগুণ হারে নির্ধারিত ভাড়ার অর্থ মওকুফ করার এখতিয়ার পরিদপ্তরের নেই।
বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর ১৫(২) উপবিধিতে বলা হয়েছে, বরাদ্দ পাওয়া সরকারি কর্মচারী চাকরি থেকে বরখাস্ত, অপসারিত বা পদত্যাগ করলে, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হলে, বদলি হলে, বিদেশে প্রেষণে নিয়োগ পেলে অথবা অবসর গ্রহণ করলে দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছাড়তে হবে।
একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বলা হয়েছে, চাকরি থেকে বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, অবসর গ্রহণ বা বদলির ক্ষেত্রে সন্তানের লেখাপড়ার কারণে সরকারি বাসার বরাদ্দ বহাল রাখা একান্ত প্রয়োজন হলে সরকার সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখার সিদ্ধান্ত নিতে পারে।
এছাড়া বিধিমালার ১৯(২) উপবিধি অনুযায়ী, অননুমোদিতভাবে সরকারি বাসা দখলে রাখলে সংশ্লিষ্ট কর্মচারীর জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে ওই বাসার ভাড়া নির্ধারণ করতে হবে।
চিঠিতে বলা হয়েছে, পরবর্তী জটিলতা এড়াতে সংশ্লিষ্ট বিধিগুলো যথাযথভাবে অনুসরণ করে সময়মতো ব্যবস্থা নিতে এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে সংশ্লিষ্ট সবাইকে পুনরায় বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।