ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর নির্মিত পুরোনো সেতুটি টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে। সেতুটির বেয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেওয়ায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আপাতত পাশের নতুন সেতু দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করছে। এতে এখন পর্যন্ত বড় ধরনের যানজট সৃষ্টি না হলেও দীর্ঘ সময় এভাবে চলাচল অব্যাহত থাকলে ভোগান্তির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পরিদর্শন দল সেতুটি পরিদর্শন করে ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছে। দ্রুত সমস্যার সমাধানের কথা জানানো হলেও কবে নাগাদ সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে, তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুরোনো সেতু বন্ধ থাকায় নতুন সেতু দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করছে। এতে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, নতুন সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
সওজের সেতু ডিজাইন বিভাগের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদ জানান, পরিদর্শন দলের পর্যবেক্ষণে সেতুটির বেয়ারিং প্যাডে ত্রুটি ধরা পড়েছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে। তবে ত্রুটি মেরামত করে কবে নাগাদ সেতুটি চালু করা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ এই পথে পুরোনো সেতুটি বারবার বন্ধ হওয়ায় চালক ও যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সাময়িক ব্যবস্থার পরিবর্তে দ্রুত ত্রুটি মেরামত করে সেতুটি স্থায়ীভাবে সচল করার দাবি জানিয়েছেন তারা।