দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক প্রদর্শনীতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য আনা এসব বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত সাইকেলগুলোর মান ও ব্যবহারিক দিক সরাসরি যাচাই করতেই তিনি নিজে সেগুলো চালিয়ে দেখেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে। মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
বাইসাইকেল প্রদর্শনী ও পর্যবেক্ষণের সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।