আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিটটি ২৫ দিন বন্ধ থাকবে

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে ইউনিটটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আদানি পাওয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ইউনিটটির প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রাংশের সার্ভিসিং এবং সম্ভাব্য ত্রুটি প্রতিরোধে বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গত ২৬ অক্টোবর সম্মতি দিয়েছে বলেও জানিয়েছে আদানি পাওয়ার।

তবে রক্ষণাবেক্ষণ চলাকালে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের অপর ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।