শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে ঘিরে যশোরের বেনাপোল সীমান্তে বাড়তি সতর্কতা দেখা গেছে। সীমান্তের নিরাপত্তা জোরদারে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। অন্যদিকে সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে রাতভর পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে বেনাপোল সীমান্তঘেঁষা বিভিন্ন সড়কে মোটরসাইকেল র্যালি বের করে জামায়াতে ইসলামী। রাত ৯টার দিকে বেনাপোলের সাদিপুর, বড় আঁচড়া ও গাতিপাড়া সীমান্তে এ র্যালি দেখা যায়। র্যালি থেকে “ফ্যাসিস্ট” আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী স্লোগান দেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, এই এলাকায় এই প্রথম জামায়াতের কোনো মোটরসাইকেল র্যালি দেখা গেল।
একই সময়ে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় “আপা আপা করিস না, তোদের আপা আসবে না” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক থাকবেন বলেও জানান।
এর আগে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের “নৈরাজ্যের” প্রতিবাদে মশাল মিছিল করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। তার নেতৃত্বে মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
এদিকে সীমান্তে নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে ৪৯ বিজিবি। রাতের অন্ধকারে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের সার্বিক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
সীমান্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং বিজিবি সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। এসব কর্মসূচি ও তৎপরতায় বেনাপোল এলাকায় রাজনৈতিক তৎপরতাও বেড়েছে।