উপাচার্য ঘিরে সংকটের সমাধান হয়নি, আবারও কমপ্লিট শাটডাউন চুয়েটে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় আবারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে একটি সভা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সভা শেষে নতুন এই কর্মসূচির ঘোষণা আসে।

ঘোষণায় বলা হয়, দুই মাসের বেশি সময় ধরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এতে একাডেমিক ও প্রশাসনিক কাজে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

সভা শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, “দুই মাস ধরে শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিচ্ছেন। কিন্তু সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের সম্মতিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।”

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য বিষয়ে আইইবির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা শুরু হয়। সে সময় শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন শুরু করেছিলেন। ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর পাঠদান শুরু হলেও উপাচার্যকে ফেরানোর দাবি চলছিল। এর প্রায় এক মাস পর আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।