চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হান আলমের অপরাধের নেটওয়ার্ক ও অবৈধ অস্ত্রভান্ডারের সন্ধান পাওয়ার দাবি করেছে জেলা পুলিশ। জেলার ফটিকছড়ির দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারখানার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সন্ত্রাসীদের গুলিতে ছয়জনের সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনা এবং এরপর টানা কয়েক দিনের অভিযানে ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের ধরা পড়েনি রায়হান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
অভিযানে গ্রেপ্তার ছয়জন হলেন—মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।
অভিযানে উদ্ধার করা অস্ত্রগুলো হলো—ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল একটি, পিস্তলের ম্যাগাজিন দুটি, পিস্তলের গুলি ২২ রাউন্ড, একনলা বন্দুক একটি, শটগানের কার্তুজ ১২ রাউন্ড, শটগানের খালি খোসা দুটি, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল। সব মিলিয়ে ৩৪ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মাসুদ আলম জানান, ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় শীর্ষ সন্ত্রাসী রায়হান অবস্থান করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে অভিযান শুরু করে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযানের ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় দিনব্যাপী অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা, ভূজপুর ও হাটহাজারী থানা পুলিশ।
এ সময় দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ওই পাহাড়ি এলাকায় অবস্থান করেই রায়হান ও তার সহযোগীরা অবৈধ অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনা করত। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও গভীর পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
পুলিশের অভিযানের মুখে একই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে রায়হান তার সহযোগীদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে এলাকা ছাড়ার চেষ্টা করে। এ সময় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন গতিরোধের চেষ্টা করেন। একপর্যায়ে রায়হান ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। এ সময় স্থানীয় লোকজন রায়হানের সহযোগীদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক ও রায়হানের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত মো. জাবেদ হোসেনকে আটক করেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযানে অংশ নেন। রাতভর ভূজপুর ও ফটিকছড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি, চেকপোস্ট স্থাপন ও সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। পরদিন ২৪ নভেম্বরও অভিযান অব্যাহত থাকে।
এরপর ২৫ নভেম্বর নতুন তথ্যের ভিত্তিতে অভিযানের গতি আরও বাড়ানো হয়। পুলিশ জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়।
বিকেল সাড়ে ৬টার দিকে ভূজপুর থানার কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই থানার চুরখাঁরহাট বাজার এলাকার হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করা হয়।
পরে তার দেখানো মতে বাড়ির শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ইকতিয়ার ফরহাদ পুলিশকে জানায়, উদ্ধার করা বন্দুকটি এজাহার মিয়ার এবং পিস্তলের গুলিগুলো রায়হান তার কাছে রেখে গিয়েছিল।
গ্রেপ্তারদের দেওয়া তথ্য ও জিজ্ঞাসাবাদে রায়হানের আত্মগোপনের নতুন ঠিকানা জানতে পারে পুলিশ। রায়হান তার সহযোগীদের নিয়ে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে এজাহার মিয়ার ঘনিষ্ঠ সহযোগী মো. মহররম আলীর (২৮) বাড়িতে আশ্রয় নিয়েছিল। পরে সেখানে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে, ওই বাড়ি থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মহররম আলী জানায়, গত ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত রায়হান তার বাড়িতে অবস্থান করেছিল। পরে অন্যত্র চলে যাওয়ার সময় নিজের ব্যবহৃত পিস্তল ও গুলিগুলো তার কাছে রেখে যায়।
এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার আরেক সহযোগী জনার্ধন দে (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।