গুম-খুন, নির্যাতন ও মরদেহ গুমের মতো অপরাধের ভয়াবহতা বিবেচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের একবারের মৃত্যুদণ্ডও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রসমান; তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় যেসব অপরাধের বিবরণ এসেছে, তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা ও মরদেহ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা মানুষের জীবন কেড়ে নেওয়ার কাজে ব্যবহার করা হয়েছে, যার ফলে অসংখ্য পরিবার প্রিয়জন হারিয়েছে।
কোনো আদালতের রায়ই মায়ের কাছে সন্তান, স্ত্রীর কাছে স্বামী কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না উল্লেখ করে রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘‘তবু অপরাধের বিচার হতে হবে। এ কারণেই আমরা ট্রাইব্যুনালের সামনে এসেছি।’’
শাস্তির যৌক্তিকতা তুলে ধরতে দার্শনিক হেগেল ও মার্কিন আইন দার্শনিক হার্বার্ট মরিসের বক্তব্য উদ্ধৃত করে অ্যাটর্নি জেনারেল বলেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে এবং রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ ধরনের নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনের ওপর এর ভয়াবহ প্রভাব বিবেচনায় কোনো সাজাই যথেষ্ট নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘এত মানুষের রক্তপাত, প্রাণহানি ও স্বজনদের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ড অতি সামান্য। তার অপরাধ সমুদ্রসমান; তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা।’’
বিচারব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও তাকে একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। এই সীমাবদ্ধতা স্বীকার করেই আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, তা প্রয়োগ এবং মামলায় আনা সব অভিযোগে জিয়াউল আহসানকে দোষী সাব্যস্ত করার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান তিনি।
সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে প্রসিকিউশন সব অভিযোগ এবং মানবতাবিরোধী অপরাধের প্রয়োজনীয় উপাদান সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল।
যুক্তিতর্কের শেষ পর্যায়ে দেশের জনগণের পক্ষে সর্বোচ্চ শাস্তি দাবি করে জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক হিসেবে অভিহিত করেন অ্যাটর্নি জেনারেল। একই সঙ্গে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রার্থনা করেন তিনি।