ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দেবীপুর ইউনিয়নের মুজাবর্ণী ডাঙ্গাপাড়া এলাকায় বিরোধপূর্ণ জমির ধান নিয়ে আসাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন রিয়নসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. দারাজ উদ্দিন ওরফে শুকরু এবং মো. হামিদুল ইসলামসহ ২৭ জনের মধ্যে জমির মালিকানা ও বণ্টন নিয়ে ২০২৪ সাল থেকে বিরোধ চলে আসছে।
দারাজ উদ্দিনের পক্ষের দাবি, আদালতে জমি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় দ্বিতীয় পক্ষ তাদের বিরুদ্ধে ধান চুরির অভিযোগে মামলা করে। বিরোধপূর্ণ জমিতে উৎপাদিত ধান নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।
আদালতের নথি অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর দ্বিতীয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রথম পক্ষকে নির্দিষ্ট জমিতে প্রবেশ না করার নির্দেশও দেওয়া হয়েছিল।
দারাজ উদ্দিনের পক্ষের অভিযোগ, বৃহস্পতিবার হামিদুল ইসলাম পক্ষের লোকজন দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমি থেকে ধান আনতে গেলে তারা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন রিয়ন (৩০), সহসভাপতি মো. মাসুম (৩১) এবং মো. সুমন রানা (২৯) নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আহতদের মধ্যে দারাজ উদ্দিন পক্ষের মো. শিমুল (১৯), মনোয়ারা (৩৫), আশরাফ আলী (৫০), আবু সাঈম (২২) ও রাকিব (৮) রয়েছেন। তাদের সবার বাড়ি ডাঙ্গাপাড়া এলাকায়। তারা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে হামিদুল ইসলাম পক্ষের নুর ইসলাম (৩৮), হাফু (৫০), লাবলী (৩৩) ও নুর নেহার (৪০) আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি সুমন ইসলাম বলেন, “ব্যক্তিগতভাবে কেউ দলীয় পদ ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দায়ভার দল নেবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম রাশেদ জানান, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।