ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর সাইদুর ইসলাম (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার রূপসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে নিজেদের বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে বাড়ি থেকে শিঙাড়া কিনতে বের হয়েছিল সাইদুর। এরপর আর বাড়ি ফেরেনি সে। শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না মেলায় বাঞ্ছারামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির সন্ধানে সহযোগিতা চান স্বজনরা।
নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে সাইদুরের মরদেহ উদ্ধার করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, “ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”