চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের একজন নাজমুল করিম ওরফে নুরুলকে রাজশাহী নগরীর একটি বাসা থেকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
বিস্ফোরণের পর ওই বাসায় আশ্রয় নিয়ে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে স্যালাইন চলা অবস্থায় তাকে ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।
নাজমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। এলাকায় তার একটি চায়ের দোকান রয়েছে। তিনি ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত। এসআরবি-৫-এর দাবি, নাজমুল নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গেও জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন টমাস আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। বিস্ফোরণে আহত আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের একজন নাজমুল।
আহত অবস্থায় নাজমুল প্রথমে রাজশাহী নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে তেরোখাদিয়া পশ্চিমপাড়ায় পূর্বপরিচিত এক নারীর ভাড়া বাসায় আশ্রয় নেন। ওই বাসার মালিক রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আলাউদ্দিন।
নাম প্রকাশ না করার শর্তে ওই বাসার ভাড়াটিয়া নারী জানান, নাজমুল তাদের পূর্বপরিচিত। বুধবার ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তার স্ত্রী তাকে ওই বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ড্রেসিং করানোর পর তারা গ্রামের বাড়িতে চলে যাবেন বলে জানিয়েছিলেন। তবে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে নাজমুলের শরীরে স্যালাইন লাগিয়ে দেন। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা এসে বাড়িটি ঘিরে ফেলেন।
ওই নারী আরও জানান, নাজমুল কীভাবে আহত হয়েছেন, তা তিনি জানতেন না। তবে বাসায় অবস্থানকালে নাজমুল তাকে জানান, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। তাকে মোটরসাইকেলে করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।
এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, “ওই বাসা থেকে শুধু নাজমুলকে আটক করা হয়েছে। তার চিকিৎসার প্রয়োজন হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে তার চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। সুস্থ হলে তাকে আদালতে হাজির করা হবে।”