দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে ইউরেনিয়াম আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে এই প্রক্রিয়া শেষ হলো।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১,২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
জ্বালানি আমদানির প্রক্রিয়া শেষ হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহও চলছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানোর কথা জানানো হয়েছে।
এর আগে ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।”
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরীক্ষা চলবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে কার্যক্রম শুরু করবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
দীর্ঘ নির্মাণকাজ, জ্বালানি আমদানি এবং ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে পূর্ণাঙ্গ উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দুটি ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।