বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা ২২ মিনিটে শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৮৩। এই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।
একই সময়ে ৩০৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ২৯৭। আর ২৪২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি।
একিউআই মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। বায়ুদূষণের এসব মাত্রা মানুষের স্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
একিউআইয়ের মাধ্যমে প্রতিদিন বাতাসের দূষণের মাত্রা সম্পর্কে তথ্য পাওয়া যায়। এটি বাতাস কতটা পরিষ্কার বা দূষিত, তা নির্দেশ করার পাশাপাশি দূষণের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কেও ধারণা দেয়।
বাংলাদেশে সাধারণত পাঁচ ধরনের দূষণকারী উপাদানের ভিত্তিতে একিউআই নির্ধারণ করা হয়। এগুলো হলো - বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে। সাধারণত শীতকালে রাজধানীর বাতাসের মান বেশি খারাপ থাকে। অন্যদিকে বর্ষাকালে বৃষ্টির কারণে বায়ুর মানের উন্নতি ঘটে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ।